tollywood_focus

জিতকে ‘ডাকাত’ কটাক্ষ, রানা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক স্বস্তিকা মুখার্জি

20 Apr 2026, 12:17 PM | ⏱ 1 min read |
idebojyoti By idebojyoti

টলিপাড়ায় একের পর এক বিতর্ক যেন প্রকাশ্যে চলে আসছে। এবার নতুন বিতর্ক শুরু হয়েছে জিতের আসন্ন ছবি *‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’* ঘিরে। সম্প্রতি প্রযোজক রানা সরকার সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “বিপ্লবী তো কেউ বলে না, ডাকাত বলবে এবার সবাই।” পাশাপাশি জিতকে উদ্দেশ্য করে আরও একাধিক কটাক্ষপূর্ণ মন্তব্যও করেন তিনি।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেতা জিৎ। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মত প্রকাশ করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

এক সাক্ষাৎকারে রানা সরকারের পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে স্বস্তিকা স্পষ্ট জানিয়ে দেন, “আমি ওঁর পোস্ট দেখি না, পড়িও না। তাই এ বিষয়ে আমার কোনও ধারণা নেই।”

এরপর জিতকে ‘ডাকাত’ বলা প্রসঙ্গে স্বস্তিকা বলেন, “আগেও বলেছি, এখন আমাদের ব্যক্তিগত বিষয় বলে কিছু নেই। সব কিছুই সমাজমাধ্যমে প্রকাশ্যে চলে আসছে। যেন কর্পোরেট বোর্ড মিটিংও লাইভ টেলিকাস্ট হচ্ছে। কাজের জায়গার সমস্ত অভ্যন্তরীণ কথা, মনোমালিন্য—সবই এখন ফেসবুকে লেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আজ যাদের নিয়ে কেউ ক্ষোভ উগরে দিচ্ছে, কয়েকদিন পর আবার তাদের সঙ্গেই কাজ করতে হবে। সেটাই কেউ ভাবছে না। আর যারা এসব বলছেন, তারাও তো ধোয়া তুলসীপাতা নন। অনেকের বিরুদ্ধেই টাকা না দেওয়া বা টেকনিশিয়ানদের সঙ্গে সমস্যা হওয়ার অভিযোগ রয়েছে। তারপরও তারাই আবার অন্যদের নিয়ে মন্তব্য করছেন। পুরো বিষয়টাই অত্যন্ত অ্যাটেনশন হাংরি পরিস্থিতি।”

স্বস্তিকার এই মন্তব্যে ফের একবার টলিউডের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সমাজমাধ্যমে প্রকাশ্য বাকযুদ্ধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share: